Posted by Aryan on 2026-03-30 15:37:12 |
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 14
ট্রান্সজেন্ডার আইন ২০২৬-এর বিরুদ্ধে শিলিগুড়িতে প্রতিবাদ, অধিকার খর্বের অভিযোগে সরব সংখ্যালঘু সম্প্রদায়
সংবাদ:
শিলিগুড়ি, ৩০ মার্চঃ ট্রান্সজেন্ডার আইন ২০২৬-কে ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন ট্রান্সজেন্ডার, কুইয়ার ও লিঙ্গ-যৌন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। সোমবার এক যৌথ বিবৃতিতে তাঁরা অভিযোগ করেন, নতুন এই আইন তাঁদের মৌলিক অধিকার খর্ব করছে এবং সমাজে বৈষম্য আরও বাড়িয়ে তুলবে।
প্রতিবাদকারীদের দাবি, ২০১৯ সালের আইনের সংশোধনী হিসেবে প্রণীত এই নতুন আইন তৈরির আগে সংশ্লিষ্ট সম্প্রদায়ের সঙ্গে কোনও পরামর্শ করা হয়নি। ফলে বাস্তবে এই আইন তাঁদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, নতুন আইনে স্ব-পরিচয়ের অধিকার সীমিত করা হয়েছে এবং লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মেডিক্যাল বোর্ডের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে, যা ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী। পাশাপাশি নন-বাইনারি, জেন্ডার ফ্লুইডসহ বিভিন্ন লিঙ্গ পরিচয়কে আইনি স্বীকৃতি না দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।
এছাড়াও “ভেজাল ট্রান্সজেন্ডার” নামে নতুন অপরাধ সংযোজন করা হয়েছে বলে দাবি করে আন্দোলনকারীরা জানান, এর অপব্যবহারের আশঙ্কা রয়েছে। ট্রান্সজেন্ডারদের ওপর অত্যাচারের ক্ষেত্রে শাস্তির মাত্রা কমানো হয়েছে বলেও তাঁদের অভিযোগ।
এই পরিস্থিতিতে অবিলম্বে আইন প্রত্যাহার, স্ব-পরিচয়ের অধিকার পুনর্বহাল, নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্য পরিষেবা ও সরকারি চাকরিতে সংরক্ষণ চালুর মতো একাধিক দাবি জানানো হয়েছে।
বিবৃতির শেষে সমাজের সর্বস্তরের মানুষের কাছে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।