Posted by Aryan on 2026-03-30 11:57:37 |
Share: Facebook | Twitter | Whatsapp | Linkedin Visits: 23
সুজাপুরে কংগ্রেস প্রার্থী ঘোষণার পর দেওয়াল লিখন শুরু, কর্মীদের উচ্ছ্বাস তুঙ্গে
মালদা, সোমবার:
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সুজাপুরে কংগ্রেস প্রার্থী ঘোষণার পর থেকেই শুরু হয়েছে জোরকদমে নির্বাচনী প্রচার। তারই অঙ্গ হিসেবে সোমবার দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারের সূচনা করল কংগ্রেস। জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কর্মসূচির নেতৃত্ব দেন কংগ্রেসের মালদা জেলা লিগাল সেলের চেয়ারম্যান মাহিবার রহমান।
এদিন সকাল থেকেই জালালপুরের বিভিন্ন এলাকায় দলীয় কর্মী ও সমর্থকরা একযোগে দেওয়াল লিখনে অংশ নেন। কংগ্রেসের প্রতীক ও স্লোগানে ভরে ওঠে এলাকার একাধিক দেওয়াল। এই কর্মসূচিকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মাহিবার রহমান ফিটু জানান, “সুজাপুর বিধানসভা কংগ্রেসের শক্ত ঘাঁটি। সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের মতামত বোঝার চেষ্টা করছি। মানুষের মধ্যে কংগ্রেসের প্রতি আগ্রহ ও সমর্থন স্পষ্ট।” তিনি আরও বলেন, “আমাদের প্রার্থী বিশিষ্ট সমাজসেবী আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে মানুষের পাশে রয়েছেন। এলাকার মানুষ তাঁকেই চাইছেন।”
তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে সুজাপুরে কংগ্রেস ভালো ফল করবে এবং জয়ের ব্যাপারে তারা যথেষ্ট আশাবাদী।
উল্লেখ্য, প্রার্থী ঘোষণা হতেই বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। তারই মধ্যে কংগ্রেসের এই দেওয়াল লিখন কর্মসূচি সুজাপুরের রাজনৈতিক পরিবেশকে আরও সক্রিয় করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।